ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করল নির্বাচন কমিশন


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৬, ১:৩২ অপরাহ্ন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্র এলাকায় কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নতুন নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রের চারশ গজের ভেতরে সাধারণ ভোটার, প্রার্থী কিংবা সংশ্লিষ্ট নন—এমন কেউ মোবাইল ফোন বহন বা ব্যবহার করতে পারবেন না।

রোববার রাতে জারি করা এক আদেশে ইসি জানায়, ভোটকেন্দ্রের ভেতরে কেবল তিন শ্রেণির কর্মকর্তাকে মোবাইল ফোন রাখার অনুমতি দেওয়া হয়েছে। তাঁরা হলেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ এবং নির্বাচন সুরক্ষা অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য।

নির্দেশনায় বলা হয়েছে, এই বিধিনিষেধ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কমিশনের কর্মকর্তারা জানান, ভোটের স্বচ্ছতা নিশ্চিত করা এবং কেন্দ্র থেকে ছবি বা তথ্যের অননুমোদিত আদান-প্রদান ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসি বিভাগীয় ও জেলা প্রশাসনকে নির্দেশনাটি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। কমিশনের ভাষ্য, নিয়ন্ত্রিত পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।