ঢাকা–১৭ সংসদীয় আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে একযোগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চারজন স্বতন্ত্র প্রার্থী। বুধবার সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীরা হলেন—সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদ, ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা–১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম জানান, আলোচনার পর এই চার প্রার্থী তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
এর মধ্যে এস এম আবুল কালাম আজাদ ও শামীম আহমেদ প্রকাশ্যে তাদের সিদ্ধান্ত ঘোষণা করেন। অন্য দুই প্রার্থী টেলিফোনে সমর্থনের কথা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেন।
এই ঘোষণার ফলে ঢাকা–১৭ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার চিত্র আরও স্পষ্ট হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
আপনার মতামত লিখুন :