ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা ফলাফলের


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের ভোটগ্রহণ নির্ধারিত সময় শেষে সম্পন্ন হয়েছে। তবে বিকেল সাড়ে ৪টার মধ্যে যেসব ভোটার কেন্দ্রে উপস্থিত ছিলেন, তারা ভোট দেওয়ার সুযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট কেন্দ্রের কার্যক্রম বন্ধ করা হবে। এরপরই কেন্দ্রভিত্তিক ভোট গণনা শুরু হবে।

কেন্দ্রের ফলাফল প্রকাশের পর রিটার্নিং কর্মকর্তারা আসনভিত্তিক সমন্বিত ফল ঘোষণা করবেন। চূড়ান্তভাবে নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ফল জানানো হবে।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় সারা দেশে ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে গড় ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ, জানিয়েছে নির্বাচন কমিশন। সারা দেশে মোট ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ৭৭৯টি।

শেরপুর–৩ আসনে এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে ভোট স্থগিত থাকায় ২৯৯টি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে অংশ নেয় ৫১টি রাজনৈতিক দল। মোট প্রার্থী ছিলেন ২ হাজার ৩৪ জন, যার মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র।

এই নির্বাচনে ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখের বেশি। তাদের ভোট গ্রহণে দায়িত্ব পালন করেন প্রায় ৮ লাখ কর্মকর্তা, আর নিরাপত্তায় মোতায়েন ছিল প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। দেশি ও বিদেশি মিলিয়ে প্রায় ৫৫ হাজার পর্যবেক্ষক ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।

ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেশের রাজনৈতিক অঙ্গনে এখন দৃষ্টি একটাই—গণনার ফলাফল কী বলে।