ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের পর দেশ ছাড়ার জল্পনা নাকচ করে রাজনীতিতে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। তিনি বলেছেন, নির্বাচন শেষ মানেই পথচলার শেষ নয়; বরং দীর্ঘমেয়াদি রাজনৈতিক সংস্কৃতি বদলই তাঁর লক্ষ্য।
শুক্রবার বিকেলে ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তাসনিম জারা বিএনপির বিজয়কে অভিনন্দন জানান এবং বিজয়ী প্রার্থী হাবিবুর রশিদ–কে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, যুক্তরাজ্যে ফেরার কোনো পরিকল্পনা নেই। “আমার শেকড় এই দেশে, কাজও এখানেই,” লিখেছেন তিনি।
নারীদের ও তরুণদের অংশগ্রহণকে এবারের প্রচারণার বড় অর্জন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সিদ্ধান্ত গ্রহণে নারীদের উপস্থিতি রাজনীতির ভাষা বদলায়। স্বেচ্ছাসেবকদের ভূয়সী প্রশংসা করে তাঁদের সংগঠিত ও সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।
ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তাসনিম জারা পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট। ধানের শীষ প্রতীকে এক লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হাবিবুর রশিদ। তৃতীয় স্থানে থাকা জারা বলেন, এই ভোটভিত্তিই ভবিষ্যতের জন্য শক্ত ভিত।
আপনার মতামত লিখুন :