তারেকের শপথগ্রহণ অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণ জানানো হবে বিএনপি: ডব্লিউআইওএন


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০২৬, ৪:২৩ অপরাহ্ন

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে বিএনপি। ভারতীয় সংবাদমাধ্যম WION মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

ডব্লিউআইওএন বলছে, সাম্প্রতিক নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর এই উদ্যোগ বাংলাদেশ–ভারত সম্পর্কের টানাপোড়েন কমানোর একটি কূটনৈতিক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে যে শীতলতা তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতেই এই বার্তা।

বিএনপির পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানায়, আঞ্চলিক সহযোগিতা ও সৌহার্দ্য তারেক রহমানের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাঁর ভাষায়, শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে “সদিচ্ছা ও ইতিবাচক সম্পর্কের প্রতীক” হিসেবে।

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার সার্ক ও বিমসটেকের মতো আঞ্চলিক প্ল্যাটফর্মকে সক্রিয়ভাবে কাজে লাগিয়ে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করতে চায় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, নির্বাচনের পর ইতোমধ্যে মোদী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা জানিয়েছেন। এই প্রেক্ষাপটে সম্ভাব্য আমন্ত্রণকে ঢাকায় সরকার পরিবর্তনের পর দক্ষিণ এশীয় কূটনীতিতে একটি তাৎপর্যপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।