অসুস্থ ইমরান খানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

ইসলামাবাদ—অসুস্থ হয়ে পড়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান-কে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার রাতে দেশজুড়ে চলমান বিক্ষোভের মুখে এ সিদ্ধান্ত আসে বলে জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে নেওয়ার পর ইমরান খানের চিকিৎসার পাশাপাশি বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সম্প্রতি তার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসছে—এমন তথ্য ছড়িয়ে পড়ার পর চিকিৎসা নিশ্চিতের দাবিতে তার সমর্থকেরা আন্দোলনে নামেন।

শনিবার রাতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাতার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ইমরান খানের চোখের চলমান চিকিৎসার জন্য বিশেষজ্ঞরা একটি বিশেষায়িত হাসপাতালে আরও পরীক্ষা করবেন এবং এ বিষয়ে একটি প্রতিবেদন সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে। তিনি গুজব না ছড়ানোর আহ্বান জানান।

এর আগে পার্লামেন্টের বাইরে অবস্থান কর্মসূচি শুরু করেন বিরোধী নেতারা। দেশটির সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী জানান, ইমরান খানের শারীরিক অবস্থা বিবেচনায় কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হবে এবং একজন কারাবন্দি হিসেবে তার সব মানবাধিকার নিশ্চিত করা হবে।