প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবন প্রস্তুত হচ্ছে


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ৪:১৮ অপরাহ্ন

ঢাকায় নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার জন্য সরকারি বাসভবন প্রস্তুতের কাজ এগোচ্ছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে প্রস্তুত করা হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর সরকার গঠনের পথে এগিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দলীয় সূত্র ও রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী হতে পারেন।

গণভবন বর্তমানে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হওয়ায় প্রধানমন্ত্রীর বাসস্থান নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে সরকারকে। গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলেন, “যমুনাকে প্রস্তুত করা হচ্ছে। প্রধানমন্ত্রী কোনো বিশেষ চাহিদা জানালে সেটির ব্যবস্থাও করা হবে।”

তবে প্রধানমন্ত্রী কোথায় থাকবেন—সরকারি বাসভবনে নাকি গুলশানের ব্যক্তিগত বাসভবন বা হেয়ার রোড এলাকায়—তা শেষ পর্যন্ত নির্ভর করবে তারেক রহমানের সিদ্ধান্তের ওপর। দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থানের পর দেশে ফিরে তিনি বর্তমানে গুলশানে তার মায়ের বাসভবনের পাশে অবস্থান করছেন।

এদিকে, হেয়ার রোডে যমুনার পাশেই বিরোধী দলীয় নেতার জন্য নির্ধারিত সরকারি বাসভবনটিও প্রস্তুত রাখা হয়েছে। অতীতে এই ভবনে বিরোধী দলীয় নেতা হিসেবে শেখ হাসিনা ও খালেদা জিয়া বসবাস করেছিলেন। তবে ২০০১ সালের পর আর কেউ সেখানে ওঠেননি।

সরকারি সূত্রগুলো বলছে, বাসভবন ব্যবস্থাপনা পুরোপুরি নীতিনির্ধারণী সিদ্ধান্তের বিষয়। নতুন সরকার গঠনের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।