যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে আপসে যেতে প্রস্তুত ইরান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি–কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন ইরানের উপ–পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি।
ওমানে শুরু হওয়া নতুন দফার আলোচনার পর তিনি বলেন, ওয়াশিংটনের আন্তরিকতা দেখা গেলে তেহরান চুক্তির পথে অগ্রসর হতে প্রস্তুত। এর মধ্যে ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের মাত্রা কমানোও অন্তর্ভুক্ত। তবে এর বিনিময়ে ইরানের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
সুইজারল্যান্ড জানিয়েছে, আগামী সপ্তাহে জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্র–এর মধ্যে নতুন দফার আলোচনা হতে পারে, যদিও আনুষ্ঠানিক তারিখ এখনো নিশ্চিত নয়। ইরান ইঙ্গিত দিয়েছে, আলোচনায় ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা ৪০০ কেজির বেশি ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হতে পারে।
পশ্চিমা দেশ ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করে এলেও তেহরান তা অস্বীকার করে আসছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ জানিয়েছে, ইরানের বর্তমান সমৃদ্ধকরণ মাত্রা ২০১৫ সালের চুক্তিতে নির্ধারিত সীমার অনেক ঊর্ধ্বে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ‘শূন্য সমৃদ্ধকরণ’-এর দাবি জানালেও তাখত-রাভানচি স্পষ্ট করেছেন, এই শর্ত ইরানের কাছে আলোচনাযোগ্য নয়।
আপনার মতামত লিখুন :