পরমাণু চুক্তির জন্য ‘ছাড় নিয়ে আলোচনায়’ প্রস্তুত ইরান


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে পরমাণু সমঝোতায় যেতে প্রস্তুত বলে জানিয়েছে ইরান। তবে আলোচনা কেবল পারমাণবিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে—এ শর্তে অনড় তেহরান।

রোববার বিবিসি–কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি বলেন, যুক্তরাষ্ট্র আন্তরিক হলে সমঝোতার পথ খোলা আছে। তাঁর ভাষায়, “এখন প্রমাণের দায় ওয়াশিংটনের কোর্টে।”

তবে নিষেধাজ্ঞা সম্পূর্ণ না আংশিক প্রত্যাহার—সে বিষয়ে স্পষ্ট অবস্থান জানাননি তিনি। একই সঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার প্রস্তাব নাকচ করে দেন এবং বলেন, আলোচনা যেন পরমাণু ইস্যুতেই সীমাবদ্ধ থাকে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর ‘শূন্য সমৃদ্ধকরণ’ দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করে তাখত-রাভাঞ্চি বলেন, এটি আর আলোচ্য বিষয় নয়। তিনি ট্রাম্প প্রশাসনের পরস্পরবিরোধী বার্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন—একদিকে শান্তিপূর্ণ সমাধানের ইঙ্গিত, অন্যদিকে শাসন পরিবর্তনের বক্তব্য।

অঞ্চলে যুক্তরাষ্ট্রের বাড়তি সামরিক উপস্থিতিকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ইরানি এই কূটনীতিক সতর্ক করেন, আরেকটি যুদ্ধ হলে তার পরিণতি হবে ভয়াবহ। তবু কূটনৈতিক সমাধানের আশাই দেখছে তেহরান।

চলতি মাসের শুরুতে ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা হয়। এর ধারাবাহিকতায় আগামী মঙ্গলবার জেনেভায় দ্বিতীয় দফা বৈঠক হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে সমঝোতার ইঙ্গিত হিসেবে ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মাত্রা কমানোর প্রস্তাবও দিয়েছে ইরান।