ছাত্ররাজনীতি থেকে বিএনপির রাজনীতিতে যাত্রা, পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন, এরপর টানা তিনবার পৌর মেয়র—এই ধারাবাহিক পথচলার শেষ প্রান্তে এসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হলেন মো. মজিবুর রহমান।
শুক্রবার ভোরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন বেসরকারিভাবে গাজীপুর-১ আসনে তাঁকে নির্বাচিত ঘোষণা করেন। বিএনপির প্রার্থী হিসেবে মজিবুর রহমান পেয়েছেন ২ লাখ ৮ হাজার ৬৮৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী শাহ্ আলম বকশী পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৫৩ ভোট।
কালিয়াকৈর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের পর নির্বাচনে অংশ নিয়ে বিপুল সমর্থনে জয়ী হন মজিবুর রহমান। টানা তিনবার মেয়র নির্বাচিত হয়ে তিনি এলাকায় ‘মেয়র মজিবুর’ নামে পরিচিতি পান—একজন মাঠঘনিষ্ঠ জনপ্রতিনিধি হিসেবে।
নির্বাচনের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, দলের আস্থার প্রতিদান দেওয়ার দায়িত্ব এখন আরও বেড়েছে। “এই জয় আমার একার নয়—কালিয়াকৈর, কোনাবাড়ী, কাশিমপুর ও বাসান এলাকার মানুষের,” বলেন তিনি। জাতীয় পর্যায়ে থেকে এলাকাভিত্তিক উন্নয়ন এগিয়ে নেওয়ার অঙ্গীকারও করেন।
এলাকাবাসীর মতে, দ্রুত নগরায়ণ ও শিল্পাঞ্চল ঘেরা এই অঞ্চলে অভিজ্ঞ ও সহজপ্রাপ্য নেতৃত্বের গুরুত্ব বেশি। পৌর মেয়র হিসেবে অর্জিত অভিজ্ঞতা সংসদে এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাই করছেন ভোটাররা।
আপনার মতামত লিখুন :