রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি–এর প্রথম ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন নাবিল মুস্তাফিজুর রহমান।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ১৫ ফেব্রুয়ারি তাকে তিন বছরের চুক্তিভিত্তিতে এই দায়িত্ব দেয়, ব্যাংকটির এক কর্মকর্তা মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে নাবিল মুস্তাফিজুর রহমান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক–এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ব্যাংকিং খাতে তার অভিজ্ঞতা তিন দশকের বেশি। ইউসিবিতে যোগ দেওয়ার আগে তিনি হাবিব ব্যাংক লিমিটেড–এর বাংলাদেশ কার্যক্রমে কান্ট্রি চিফ রিস্ক অফিসার এবং ব্র্যাক ব্যাংক–এ ডিএমডি ও চিফ রিস্ক অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—একীভূত করে গঠিত এই নতুন প্রতিষ্ঠানের নেতৃত্বে থাকবেন তিনি। সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন ধরা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা; অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা।
আইবিএ থেকে স্নাতক নাবিল মুস্তাফিজুর রহমান ১৯৯৩ সালে ফাইন্যান্স ও ম্যানেজমেন্ট সায়েন্সে এমবিএ সম্পন্ন করেন। ঝুঁকি ব্যবস্থাপনা, ইসলামিক ব্যাংকিং ও বৃহৎ প্রকল্প অর্থায়নে তার দীর্ঘ অভিজ্ঞতা নতুন ব্যাংকটির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :