রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন

ঢাকা—নতুন সরকার শপথ নেওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে তারেক রহমান রমজানকে সামনে রেখে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রীরাও উপস্থিত ছিলেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর জানান, প্রধানমন্ত্রী সুশাসন, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে সকলকে নির্দেশ দিয়েছেন। এছাড়া দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের জন্য ফ্যামিলি, কৃষক ও স্বাস্থ্য কার্ড কার্যক্রম দ্রুত দৃশ্যমান করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বৈঠকে ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে বিশেষ উদ্যোগ গ্রহণ এবং মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর পরিকল্পনাও তুলে ধরা হয়েছে। প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, “প্রধানমন্ত্রী প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন এবং শ্রমবাজার সম্প্রসারণে সম্ভাব্য পদক্ষেপের ওপর নির্দেশ দিয়েছেন।”

মন্ত্রিসভার বৈঠকে আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের রোডম্যাপও ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন এবং রাতে দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি করা হয়।