বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়-এর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। পোস্টের সঙ্গে ট্রাম্পের ১৮ ফেব্রুয়ারি স্বাক্ষরিত একটি চিঠিও যুক্ত করা হয়।
চিঠিতে তিনি নির্বাচনে ‘ঐতিহাসিক বিজয়’-এর জন্য তারেক রহমানকে আমেরিকার জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানান এবং প্রধানমন্ত্রীর সফল মেয়াদ কামনা করেন। এতে বলা হয়, বাংলাদেশ–যুক্তরাষ্ট্র অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধা ও একটি উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ার অভিন্ন স্বার্থের ওপর প্রতিষ্ঠিত।
চিঠিতে সাম্প্রতিক পারস্পরিক বাণিজ্য চুক্তির উল্লেখ করে বলা হয়, এটি বাস্তবায়িত হলে দ্বিপক্ষীয় বাণিজ্যে গতি আসবে এবং উভয় দেশের শ্রমিক ও কৃষকদের উপকারে আসবে। পাশাপাশি নিয়মিত প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করার আহ্বান জানিয়ে উল্লেখ করা হয়, এতে বাংলাদেশের সামরিক বাহিনী উন্নতমানের মার্কিন সরঞ্জাম ব্যবহারের সুযোগ পাবে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ওয়াশিংটন ঢাকা সঙ্গে সম্পর্ককে আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী করতে নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।
আপনার মতামত লিখুন :