বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম শিগগিরই স্বাভাবিক পর্যায়ে ফিরতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস।
তিনি জানান, বর্তমানে সীমিত আকারে চালু থাকা ভিসা সেবা পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার বিকেলে সিলেট জেলা প্রেস ক্লাব-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, এই মুহূর্তে মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা চালু থাকলেও পর্যটনসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা বন্ধ রয়েছে। তবে সেগুলো পুনরায় চালুর জন্য জোরালো প্রচেষ্টা চলছে।
অনিরুদ্ধ দাস জানান, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। গণঅভ্যুত্থানের পর বাংলাদেশিদের জন্য ভিসা সেবা সীমিত করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।
দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ভারত ও বাংলাদেশ-এর সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ওপর দাঁড়িয়ে আছে। দুই দেশের জনগণই এই দীর্ঘস্থায়ী সম্পর্কের মূল ভিত্তি, যার সঙ্গে ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের গভীর যোগসূত্র জড়িয়ে আছে।
আপনার মতামত লিখুন :