একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০২৬, ১২:২১ অপরাহ্ন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার–এ ভাষাশহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিবসটি ঘিরে রাজধানীতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠান ঘিরে কোনো নির্দিষ্ট হুমকি নেই, তবে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–এর মহাপরিচালক একেএম শহিদুর রহমান শুক্রবার সকালে শহীদ মিনার প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে বলেন, “কোনো ঝুঁকির তথ্য না থাকলেও আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব প্রস্তুত।”

তিনি জানান, শহীদ মিনার ও আশপাশের এলাকায় অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‍্যাব মোতায়েন করা হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের মাধ্যমে আগাম নিরাপত্তা তল্লাশি সম্পন্ন হয়েছে, পাশাপাশি স্পেশাল ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। ভিভিআইপি, ভিআইপি ও রাজনৈতিক নেতাদের শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রেও আলাদা নিরাপত্তা বলয় কার্যকর থাকবে।

কর্তৃপক্ষের ভাষ্য, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রেখে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সব আয়োজন সম্পন্ন।