মধ্যপ্রাচ্যে ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি থেকে শত শত সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। শুক্রবার নিউইয়র্ক টাইমস এ তথ্য জানায়।
মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে কাতার, বাহরাইন, ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে—মোট আট দেশে। এর মধ্যে কাতারের আল উবেইদ ঘাঁটি সবচেয়ে বড়, আর বাহরাইনে অবস্থান করছে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর। তবে আপাতত শুধু কাতার ও বাহরাইন থেকেই সেনা সরানো হচ্ছে; বাকি ছয় ঘাঁটি থেকে প্রত্যাহার শুরু হয়নি বলে জানিয়েছে পেন্টাগন। অঞ্চলজুড়ে এসব ঘাঁটিতে বর্তমানে ৩০ থেকে ৪০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
এই পদক্ষেপ আসে এমন এক সময়, যখন জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি সতর্ক করে বলেছেন—যুক্তরাষ্ট্র আগ্রাসী অভিযান শুরু করলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও অবকাঠামোকে ‘বৈধ লক্ষ্য’ হিসেবে বিবেচনা করবে তেহরান। ওই চিঠির পরপরই কাতার ও বাহরাইন থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোর সার্বিক দায়িত্বে থাকা মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
সূত্র: নিউইয়র্ক টাইমস, আনাদোলু এজেন্সি
আপনার মতামত লিখুন :