মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি এ ডাকটিকিট অবমুক্ত করেন।
নবনিযুক্ত প্রধানমন্ত্রী হিসেবে তেজগাঁও কার্যালয়ে এটিই তার প্রথম আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর সরকারপ্রধানের উপস্থিতিতে কার্যালয়ের প্রশাসনিক কাজকর্ম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
সকাল ১০টা ১০ মিনিটে কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। পরে তিনি বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন—যা উপস্থিতদের মধ্যে স্পষ্ট ইতিবাচক সাড়া সৃষ্টি করে।
দাপ্তরিক কাজ শুরুর আগে প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্মারক ডাকটিকিট উন্মোচনের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন কর্মযাত্রা শুরু করাকে প্রশাসনের সংশ্লিষ্টরা তাৎপর্যপূর্ণ বার্তা হিসেবে দেখছেন।
আপনার মতামত লিখুন :