ইরানে ফের মাথাচাড়া দিচ্ছে জেন–জি বিক্ষোভ


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন

ডিসেম্বর–জানুয়ারিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতদের স্মরণ ও বিচার দাবিতে শনিবার বিক্ষোভ শুরু করে তরুণ আন্দোলনকারীরা। পাল্টা হিসেবে সরকারের সমর্থকরাও পৃথক সমাবেশ ডাকে। ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ জানায়, তেহরানের তিনটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে; এর কেন্দ্রবিন্দুতে রয়েছে শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা সরকারবিরোধী স্লোগানের পাশাপাশি রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিও তুলছেন।

অর্থনৈতিক সংকট আন্দোলনের পেছনে বড় চালিকা শক্তি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চাপের মুখে ইরানের মুদ্রা রিয়াল তীব্র অবমূল্যায়নে পড়েছে; জীবনযাত্রার ব্যয় বেড়েছে দ্রুত। ডিসেম্বরের শেষ দিকে ব্যবসায়ী ও দোকানমালিকদের প্রতিবাদ দ্রুতই দেশজুড়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।

সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভে প্রকাশ্য সমর্থন দেন; পরে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কড়া অবস্থান নেন। এ মাসের শুরুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু আলোচনা শুরু হলেও, একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে।

গত দফার বিক্ষোভ দমনে নজিরবিহীন কঠোরতা দেখায় ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকার। সরকারি হিসাবে নিহতের সংখ্যা ৩ হাজারের বেশি হলেও, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি বলছে, প্রাণহানি ৭ হাজার ছাড়িয়েছে। বিভিন্ন ইরানি সূত্রে এই সংখ্যা আরও বেশি—প্রায় ১৫ হাজার—হতে পারে বলে দাবি করা হচ্ছে।