বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তারের এক দিনের মাথায় জামিন পেয়েছেন ‘সা রে গা মা পা’ খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল।
মামলাকারী তরুণীর সঙ্গে আপস হওয়ায় মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ তাকে জামিন দেন।
আদালত সূত্র জানায়, বাদী আনাননিয়া শবনম রোজ (অনন্যা) ও আসামিপক্ষ আপসের বিষয়টি স্বীকার করলে বিচারক আগামী ২ এপ্রিল পর্যন্ত এক হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন। এর আগে দুপুরে নোবেলকে আদালতে হাজির করে পুলিশ কারাগারে পাঠানোর আবেদন করেছিল।
সোমবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বিয়ের আশ্বাস দিয়ে তরুণীর কাছ থেকে প্রায় ১৩ লাখ টাকা আত্মসাৎ, আটকে রেখে হেনস্তা এবং আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করা হয়। মামলায় নোবেলসহ পাঁচজন আসামি।
পিবিআইয়ের তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর চলতি মাসের শুরুতে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আপনার মতামত লিখুন :