ধর্ষণের বিচার চাইতে গিয়ে প্রাণ গেল কিশোরীর


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ৩:৫১ অপরাহ্ন

নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়া এক কিশোরীকে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সকালে কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত কিশোরীর পরিবার বরিশালের বাসিন্দা হলেও কাজের সূত্রে তারা মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। স্থানীয়দের ভাষ্য, প্রায় দুই সপ্তাহ আগে বাড়ি ফেরার পথে কিশোরীটি স্থানীয় কয়েকজন যুবকের হাতে ধর্ষণের শিকার হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধির নেতৃত্বে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও পরিবারটি কোনো বিচার পায়নি; বরং এলাকা ছাড়ার চাপের মুখে পড়ে।

বুধবার বিকেলে বাবা মেয়েকে খালার বাড়িতে রেখে আসতে বের হলে পথে কয়েকজন তাকে আটকিয়ে কিশোরীটিকে জোর করে নিয়ে যায় বলে অভিযোগ। সারা রাত খোঁজাখুঁজির পর সকালে একটি সরিষা ক্ষেতে মরদেহটি পাওয়া যায়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া না গেলেও, অভিযোগ ছাড়াই তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

এই হত্যাকাণ্ড স্থানীয়ভাবে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে, যেখানে বিচারহীনতার অভিযোগ আবারও সামনে এসেছে।