আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

আফগানিস্তানে চালানো এক আকস্মিক সামরিক অভিযানে তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন—এমন দাবি করেছে আন্তর্জাতিক ওপেন সোর্স গোয়েন্দা সংস্থা ওসিন্ট ইউরোপ।

সংস্থাটি জানিয়েছে, শুক্রবার ভোরে পাকিস্তানের সামরিক অভিযানে কাবুলসহ একাধিক স্থানে লক্ষ্যভিত্তিক হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ওসিন্ট ইউরোপ দাবি করে, পাকিস্তানি বিমান বাহিনীর হামলায় কাবুলে তালেবানের সদরদপ্তরে আখুন্দজাদাসহ কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন।

পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে অন্তত ১৩৩ জন তালেবান যোদ্ধা নিহত এবং দুই শতাধিক আহত হয়েছেন। তবে তালেবান সরকার এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। উল্টো কাবুলের দাবি, পাকিস্তানের হামলায় তাদের কোনো শীর্ষ নেতা নিহত হননি; বরং আফগানিস্তানের পাল্টা অভিযানে পাকিস্তানের ৫৫ জন সেনা নিহত হয়েছে।

২০২১ সালে ক্ষমতা দখলের পর তালেবান সরকারের সর্বোচ্চ কর্তৃত্বের প্রতীক ছিলেন আখুন্দজাদা। তার মৃত্যুর খবর নিশ্চিত হলে আফগানিস্তানের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।