আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধে আগ্রহী আফগানিস্তান


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন

আলোচনার পথেই চলমান সংঘাতের অবসান চায় আফগানিস্তান—এমন বার্তা দিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। তবে পাকিস্তান যুদ্ধ অব্যাহত রাখলে আফগানিস্তানও পাল্টা পদক্ষেপ নিতে প্রস্তুত বলে সতর্ক করেছেন তিনি।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে মুজাহিদ বলেন, আফগান বাহিনী ইতোমধ্যে পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তাঁর ভাষায়, এটি “স্পষ্ট বার্তা—আমাদের সক্ষমতা তাদের ঘাড় পর্যন্ত পৌঁছাতে পারে।” তবু শান্তিপূর্ণ সমাধানেই অগ্রাধিকার দিচ্ছে তালেবান সরকার

পাকিস্তানের বিরুদ্ধে আলোচনায় অনাগ্রহের অভিযোগ তুলে তিনি জানান, আফগান আকাশসীমায় এখনো পাকিস্তানের গোয়েন্দা বিমান তৎপর। একই সঙ্গে তিনি বলেন, আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য পাকিস্তানের সেনাবাহিনীর একটি অংশ দায়ী।

পাকিস্তান দীর্ঘদিন ধরে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)কে আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে আফগানিস্তানের বিরুদ্ধে। মুজাহিদ এ অভিযোগকে “অজুহাত” আখ্যা দিয়ে বলেন, এর মাধ্যমে অঞ্চলকে অস্থিতিশীল করা হচ্ছে।

ভারতের সঙ্গে আফগানিস্তানের সুসম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন, এই সম্পর্ক কোনোভাবেই পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে না।
সূত্র: তোলো নিউজ