শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মধ্যে তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–র কার্যালয়ের সামনেও বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে তিনি নিরাপদ আছেন এবং রাজধানীর বাইরে একটি ‘নিরাপদ স্থানে’ সরিয়ে নেওয়া হয়েছে বলে ইরানি এক কর্মকর্তার বরাতে জানিয়েছে রয়টার্স।
খবরে বলা হয়, হামলার পর তেহরানে জরুরি সতর্কতা জারি করা হয়। একই সময়ে ইসরাইল নিজেদের আকাশসীমা বন্ধ করে সব বেসামরিক ফ্লাইট বাতিল করেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরাইল। ইসরাইলের পরিবহন মন্ত্রণালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরে না আসতে এবং বিদেশে থাকা যাত্রীদের ফ্লাইট সূচি সম্পর্কে হালনাগাদ থাকতে অনুরোধ করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা পরিস্থিতি অনুকূল হলে আকাশসীমা পুনরায় চালু করা হবে; নতুন ফ্লাইট চালুর বিষয়ে অন্তত ২৪ ঘণ্টা আগে জানানো হবে। বিদেশে থাকা ইসরাইলিদের জাতীয় নিরাপত্তা পরিষদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এই ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে; কূটনৈতিক তৎপরতার পাশাপাশি নিরাপত্তা সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
আপনার মতামত লিখুন :