ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পরও দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান থামছে না—এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার মধ্যরাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মধ্যপ্রাচ্য ও বিশ্বজুড়ে ‘শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত’ এই অভিযান চলতে পারে।
খামেনির মৃত্যুর পর তেহরান ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। তবে ট্রাম্পের ভাষায়, এটি “শেষ নয়, বরং একটি সুযোগ”—ইরানের নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের জন্য নতুন পথ বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।
ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ‘নির্ভুল ও ভারী বিমান হামলা’ প্রয়োজনে টানা কয়েক দিন বা সপ্তাহজুড়ে চলবে। তাঁর দাবি, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার ভেতরে যুদ্ধবিরোধী মনোভাব বাড়ছে।
BBC জানায়, শনিবার সকালে খামেনির প্রাসাদ লক্ষ্য করে চালানো হামলাতেই তিনি নিহত হন। পরে প্রকাশিত স্যাটেলাইট ছবিতে প্রাসাদটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা গেছে।
পর্যবেক্ষকদের মতে, খামেনির মৃত্যুর পর ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ যেমন অনিশ্চিত, তেমনি অঞ্চলজুড়ে সামরিক উত্তেজনা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাও বাড়ছে।
আপনার মতামত লিখুন :