যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান: লারিজানি


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ২, ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির পর তেহরান–ওয়াশিংটনের মধ্যে সংলাপের যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে—এমন প্রতিবেদনের কড়া প্রতিবাদ জানিয়ে লারিজানি মার্কিন প্রেসিডেন্ট **ডোনাল্ড ট্রাম্প**কে সরাসরি আক্রমণ করেন। তিনি লেখেন, ট্রাম্প ‘অবাস্তব কল্পনায়’ বাস করছেন এবং তার সিদ্ধান্তই মধ্যপ্রাচ্যকে আরও অস্থির করে তুলেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, এখন ট্রাম্প প্রশাসন মার্কিন সেনা হতাহতের আশঙ্কায় উদ্বিগ্ন।

লারিজানি আরও বলেন, ইরানের সামরিক পদক্ষেপ কোনো মধ্যপ্রাচ্য রাষ্ট্রের বিরুদ্ধে নয়; লক্ষ্য কেবল অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো।

এর আগে রোববার দেওয়া আরেক পোস্টে তিনি হুঁশিয়ারি দেন, ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এমন শক্তি প্রয়োগ করবে, যা তারা আগে কখনো দেখেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর এই অবস্থান আরও কঠোর হয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।