ঘরের মাঠে ৩–০ ব্যবধানের জয় পেলেও ফাইনালে ওঠা হলো না বার্সেলোনা-র। প্রথম লেগে ৪–০ গোলের বড় জয়কে পুঁজি করে দুই লেগ মিলিয়ে ৪–৩ ব্যবধানে এগিয়ে থেকে অ্যাতলেটিকো মাদ্রিদ জায়গা করে নিয়েছে কোপা দেল রে-র ফাইনালে। ২০১৩ সালের পর এই প্রথম শিরোপা নির্ধারণী ম্যাচে উঠল দিয়েগো সিমেওনের দল।
মঙ্গলবার রাতে কাতালানদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। ৩০ মিনিটে লামিন ইয়ামালের কর্নার থেকে পাওয়া সুযোগে গোল করেন তরুণ মিডফিল্ডার মার্ক বার্নাল। যোগ করা সময়ে পেদ্রির ওপর ফাউলের পর পাওয়া পেনাল্টি থেকে রাফিনিয়া গোল করলে বিরতিতে ব্যবধান দাঁড়ায় ২–০।
বিরতির পর চাপ আরও বাড়ায় বার্সা। ৭২ মিনিটে জোয়াও ক্যানসেলোর ক্রস থেকে বার্নাল নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান ৩–০ করেন। অতিরিক্ত সময়ে যেতে প্রয়োজন ছিল আর একটি গোল, কিন্তু অ্যাতলেটিকোর গোলরক্ষক হুয়ান মুসোর দৃঢ়তায় সে সুযোগ আর আসেনি।
ম্যাচ শেষে মুসো বলেন, “ফাইনালে ওঠাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জানতাম লড়াই কঠিন হবে, তবে দুই লেগে আমরা বেশি গোল করেছি।” হারলেও পারফরম্যান্স নিয়ে গর্ব প্রকাশ করেন রাফিনিয়া।
ফাইনালে অ্যাতলেটিকোর প্রতিপক্ষ নির্ধারিত হবে বুধবারের অন্য সেমিফাইনালে—রিয়াল সোসিয়েদাদ ও অ্যাথলেটিক বিলবাও-এর ম্যাচের পর। প্রথম লেগে ১–০ ব্যবধানে এগিয়ে রয়েছে সোসিয়েদাদ।


আপনার মতামত লিখুন :