বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুরকে অপসারণ এবং নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন এ রিটটি দাখিল করেন। অর্থ সচিবসহ সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তাকে এতে বিবাদী করা হয়েছে। রিটে সদ্য নিয়োগপ্রাপ্ত গভর্নরের নিয়োগ স্থগিত ও বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে।
গত ২৫ ফেব্রুয়ারি সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে অপসারণ করা হয়। একই দিনে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে মো. মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা আদেশে বলা হয়, মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে জনস্বার্থে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হয়েছে।
নতুন প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মো. মোস্তাকুর রহমান অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক ত্যাগের শর্তে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে চার বছরের জন্য দায়িত্ব পালন করবেন। তাঁর নিয়োগ কার্যকর হবে যোগদানের তারিখ থেকে।
আপনার মতামত লিখুন :