হরমুজ প্রণালী খোলা থাকলেও কিছু দেশের জাহাজে নিষেধাজ্ঞা: ইরান


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৬, ৪:২১ অপরাহ্ন

পারস্য উপসাগর অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে নতুন অবস্থান জানিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্র দেশগুলোর জাহাজ এই প্রণালী ব্যবহার করতে পারবে না। তবে অন্য দেশগুলোর জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া হবে না।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারি ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে দেওয়া এক বক্তব্যে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, যেসব দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট বা তাদের মিত্র—তাদের জাহাজের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। বৈশ্বিক তেল ও তরলীকৃত গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই রুট দিয়ে পরিচালিত হয়। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোর অধিকাংশ রপ্তানিই এই পথ ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে পৌঁছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে ইরান এ নৌপথে চলাচলকারী জাহাজগুলোকে সতর্কবার্তা দিতে শুরু করে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময়ের পর কয়েকটি তেলবাহী জাহাজে হামলার ঘটনাও ঘটেছে।

ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে এখন পর্যন্ত অন্তত দশটি তেলবাহী জাহাজ হামলার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও এসব ঘটনার সবগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।