মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে নতুন দফায় হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, সাম্প্রতিক অভিযানে তারা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ধরনের দূরপাল্লার অস্ত্র ব্যবহার করেছে।
বৃহস্পতিবার প্রকাশিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের ঘোষিত সামরিক অভিযানের ২৫তম ধাপে মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক সহায়তা কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়, অভিযানে হাইপারসনিক ‘ফাত্তাহ’ এবং ব্যালিস্টিক ‘এমাদ’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
সামরিক প্রযুক্তি বিশ্লেষকদের মতে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে পাঁচ গুণেরও বেশি গতিতে ছুটতে পারে। এ ধরনের অস্ত্র অত্যন্ত দ্রুত গতির হওয়ায় প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এগুলো প্রতিহত করা তুলনামূলক কঠিন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করার পর অঞ্চলজুড়ে উত্তেজনা দ্রুত বাড়তে থাকে। এরপর থেকে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক হামলার দাবি করে আসছে।
তবে সাম্প্রতিক হামলাগুলোর ক্ষয়ক্ষতি সম্পর্কে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, সংঘাত দীর্ঘায়িত হলে এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপর আরও গভীর হতে পারে।
আপনার মতামত লিখুন :