ব্রাজিলের ক্লাব ফুটবলে নজিরবিহীন ঘটনা, এক ম্যাচেই ২৩ লাল কার্ড


খেলাধুলা ডেস্ক প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

ব্রাজিলের ক্লাব ফুটবলে এক ম্যাচে ২৩টি লাল কার্ড দেখানোর বিরল ঘটনা ঘটেছে। কাম্পেয়োনাতো মিনেইরো টুর্নামেন্টের ফাইনালে ক্রুজেইরো ও আতলেতিকো মিনেইরোর মধ্যকার ম্যাচের শেষ দিকে সংঘর্ষে জড়িয়ে পড়লে রেফারি এই সিদ্ধান্ত নেন।

ম্যাচটি অনুষ্ঠিত হয় বেলো হরিজন্তের ঐতিহাসিক স্তাদিও গর্ভানাদোর মাগালিয়ায়েস পিন্তো স্টেডিয়ামে, যা স্থানীয়দের কাছে ‘মিনেইরাও’ নামে পরিচিত। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে এই মাঠেই জার্মানির কাছে ৭–১ গোলে হারের মাধ্যমে ব্রাজিল ফুটবল ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায় সৃষ্টি হয়েছিল, যা ‘মিনেইরাজো’ নামে পরিচিত।

বাংলাদেশ সময় সোমবার ভোরে অনুষ্ঠিত ফাইনালে ক্রুজেইরো ১–০ গোলে আতলেতিকো মিনেইরোকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। তবে ম্যাচের শেষ মুহূর্তে একটি বল দখলকে কেন্দ্র করে উত্তেজনা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।

ঘটনার সূত্রপাত হয় যখন আতলেতিকো মিনেইরোর গোলরক্ষক এভেরসন একটি আলগা বলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে ক্রুজেইরোর মিডফিল্ডার ক্রিস্তিয়ানের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে লিপ্ত হন।

মাঠে দ্রুতই ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। মারামারি থামাতে নিরাপত্তা কর্মীদের হস্তক্ষেপ করতে হয়। এই পরিস্থিতিতে রেফারি মাথেউস দেলগাদো একাধিক খেলোয়াড় ও সংশ্লিষ্ট ব্যক্তিকে লাল কার্ড দেখান। মোট ২৩টি লাল কার্ড প্রদর্শনের ঘটনা ফুটবলে অত্যন্ত বিরল বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সংঘর্ষে আতলেতিকো মিনেইরোর গোলরক্ষক এভেরসন আহত হয়েছেন বলে স্থানীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ম্যাচ শেষে আতলেতিকো মিনেইরোর ফরোয়ার্ড হাল্ক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, “এটি দুঃখজনক একটি ঘটনা। ফুটবল মাঠে এমন সংঘর্ষ দেখা খুবই বিরল। আমাদের আচরণ দিয়ে ভালো উদাহরণ তৈরি করা উচিত।”

ঘটনার পর ব্রাজিলের ফুটবল মহলে ম্যাচটির শৃঙ্খলাভঙ্গ ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।