মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তেলআবিবের দক্ষিণে অবস্থিত ‘সদত মিচা’ এলাকায় থাকা একটি স্যাটেলাইট যোগাযোগ স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে। আইআরজিসির দাবি, হামলায় কেন্দ্রটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানি সামরিক সূত্রের মতে, স্থাপনাটি ইসরায়েলের সামরিক যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হতো। বিশেষ করে যুদ্ধবিমান পরিচালনা এবং বিভিন্ন সামরিক ঘাঁটির সঙ্গে স্যাটেলাইট যোগাযোগ সমন্বয়ে এর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ফলে এই স্থাপনায় হামলার ফলে ইসরায়েলি বিমানবাহিনীর যোগাযোগ ও সমন্বয় ব্যবস্থায় প্রভাব পড়তে পারে বলে তারা দাবি করেছে।
তবে এই হামলার বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
গত কয়েক সপ্তাহ ধরে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। পারস্পরিক হামলা-পাল্টা হামলার ঘটনায় আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ছে এবং যুদ্ধের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিশ্লেষকেরা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, চলমান সংঘাত দ্রুতই শেষ হতে পারে এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ইরানের সামরিক নেতৃত্ব জানিয়েছে, তাদের ওপর হামলা বন্ধ না হলে প্রতিরোধমূলক অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :