তরুণ পেসার নাহিদ রানার বিধ্বংসী বোলিং আর ওপেনার তানজিদ হাসান তামিমের ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানকে সহজেই হারিয়ে ওয়ানডে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের প্রথম খেলায় ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৫.১ ওভারে ৮ উইকেটের দাপুটে জয় তুলে নেয় স্বাগতিকরা। ফলে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
জয়ের পথে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তানজিদ হাসান তামিম। টি-টোয়েন্টি ধাঁচের ব্যাটিংয়ে ৩২ বলেই পূর্ণ করেন ফিফটি। শেষ পর্যন্ত ৪২ বলে ৭ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৬৭ রান করে ম্যাচ শেষ করেই মাঠ ছাড়েন তিনি। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত ৩৩ বলে ২৭ রান করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতে ভালো অবস্থানে থাকলেও দ্রুত ভেঙে পড়ে তাদের ইনিংস। ৪১ রান পর্যন্ত কোনো উইকেট না হারালেও পরের ৪১ রান তুলতেই হারায় ৯ উইকেট।
নাহিদ রানার গতি ও লাইন–লেংথের সামনে দাঁড়াতে পারেনি পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। ৩০.৪ ওভারে ১১৪ রানেই অলআউট হয় সফরকারীরা। মিডল অর্ডারের ফাহিম আশরাফ ৪৭ বলে ৩৭ রান করে দলের সর্বোচ্চ সংগ্রাহক হন।
নাহিদ রানা ৭ ওভারে ২৫ রানে ক্যারিয়ারের সেরা ৫ উইকেট শিকার করেন। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ১০ ওভারে ২৯ রানে নেন ৩ উইকেট।
বাংলাদেশের বোলিং ও ব্যাটিং—দুই বিভাগেই প্রাধান্য দেখানো এই ম্যাচ সিরিজের শুরুতেই পাকিস্তানকে বড় চাপের মুখে ফেলেছে।
আপনার মতামত লিখুন :