হরমুজ প্রণালিতে তিন কার্গো জাহাজে হামলা, একটিতে আগুন


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৬, ৭:৪১ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালিতে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে পরপর তিনটি কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে অধিকাংশ নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

বুধবার যুক্তরাজ্যের ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটিও) এই হামলার তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

সামুদ্রিক নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার মায়ুরি নারি ওমান উপকূলের প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে আঘাতের শিকার হয়। জাহাজটিতে আগুন লাগলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পরিবেশগত ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে জাপানের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ওয়ান ম্যাজেস্টি সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহর উত্তর-পশ্চিমে প্রায় ২৫ নটিক্যাল মাইল দূরে হামলার মুখে পড়ে। জাহাজটির নাবিকরা নিরাপদ রয়েছেন এবং এটি একটি নিরাপদ নোঙরস্থানের দিকে এগিয়ে যাচ্ছে।

তৃতীয় হামলার শিকার হয় মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার স্টার গুইনেথে, যা দুবাইয়ের প্রায় ৫০ মাইল উত্তর-পশ্চিমে আঘাত পায়। জাহাজটির নাবিকদের সবাই নিরাপদ আছেন বলে জানানো হয়েছে।

মেরিটাইম ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা ভ্যানগার্ড জানিয়েছে, আঞ্চলিক সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। সংস্থাটির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ১৪টি জাহাজ বিভিন্ন হামলার শিকার হয়েছে।

সূত্র: রয়টার্স।