ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী। বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হতে যাওয়া সংসদের প্রথম অধিবেশনেই এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার কথা রয়েছে। স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন।
অধিবেশনকে ঘিরে রাজধানীর শেরেবাংলা নগর ও জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত ওই এলাকায় সব ধরনের সভা–সমাবেশ, মিছিল এবং অস্ত্র বা বিস্ফোরক বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই হবে নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রথম সংসদ অধিবেশন। ওই সময়ের সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত জাতীয় সংসদ ভবন ও আশপাশের স্থাপনাগুলো সংস্কারের পর নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। গণপূর্ত বিভাগ ও সংসদ সচিবালয় যৌথভাবে সংস্কারকাজ সম্পন্ন করেছে।
এদিকে ডেপুটি স্পিকারের পদ নিয়ে রাজনৈতিক আলোচনাও চলছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কারের প্রশ্নে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত দলটি ডেপুটি স্পিকারের পদ গ্রহণে রাজি নয়।
সংসদের প্রথম অধিবেশনে সংস্কার প্রস্তাব ও গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :