মুক্তিযুদ্ধমন্ত্রী হলেন আহমেদ আযম খান, ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে মীর হেলাল


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

টাঙ্গাইল–৮ আসনের সংসদ সদস্য আহমেদ আজম খান নতুন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিরতির সময় সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। পরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে জানানো হয়, আহমেদ আজম খানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বও দেওয়া হয়েছে।

সরকারি বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী প্রয়োজন অনুসারে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন বা পুনর্বণ্টন করতে পারেন। সেই ক্ষমতার আওতায় নতুন এই দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলে মন্ত্রণালয়টির পদ শূন্য হয়ে পড়ে। পরে সেই পদে আহমেদ আজম খানকে নিয়োগ দেওয়া হয়।

অন্যদিকে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বিন্যাস করা হয় এবং সেই দায়িত্ব মীর মোহাম্ম্মদ হেলাল উদ্দিনকে অর্পণ করা হয়।