মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটি প্রত্যাহারের দাবি মোজতবা খামেনির


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২৬, ১২:২২ অপরাহ্ন

মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। দায়িত্ব গ্রহণের পর প্রথম প্রকাশ্য বক্তব্যে তিনি এই সতর্কবার্তা দেন।

বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে মোজতবা খামেনি বলেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি দাবি করেন, এই অঞ্চল থেকে মার্কিন ঘাঁটি সরিয়ে নেওয়া না হলে সেগুলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আরও উল্লেখ করেন যে, ইরান তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তবে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেন।

মোজতবা খামেনি বলেন, “আমাদের লক্ষ্য এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো। এগুলো অপসারণ না হলে সেগুলোর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ অব্যাহত থাকতে পারে।”

তিনি আরও জানান, হরমুজ প্রণালি আপাতত বন্ধ রাখা হয়েছে এবং এটি ইরানের কৌশলগত চাপ প্রয়োগের একটি উপায় হিসেবে বিবেচিত হচ্ছে।

চলমান সংঘাত কতদিন স্থায়ী হতে পারে—এ প্রশ্নে তিনি বলেন, যুদ্ধের সময়কাল নির্ধারণ করা হবে ইরানের জনগণের স্বার্থ ও জাতীয় নিরাপত্তার বিবেচনায়।

ভাষণে তিনি সর্বোচ্চ নেতার পদকে ইরানের রাষ্ট্রীয় কাঠামোর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করেন এবং দেশের ভবিষ্যৎ সুরক্ষার জন্য এই প্রতিষ্ঠানের ভূমিকার ওপর জোর দেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ৮ মার্চ তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়।