সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে শক্তিশালী কয়েকটি বিস্ফোরণের ঘটনায় মধ্যাঞ্চলের আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। বিস্ফোরণের পর সৃষ্ট ধোঁয়া শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে এবং তা বুর্জ আল আরব হোটেল সংলগ্ন এলাকাতেও পৌঁছায়।
বার্তা সংস্থা এএফপির বরাতে দ্য গার্ডিয়ান জানিয়েছে, শুক্রবার সকালে বিকট শব্দে একাধিক বিস্ফোরণের ফলে দুবাইয়ের বিভিন্ন ভবন কেঁপে ওঠে। বিস্ফোরণের পর শহরের মধ্যাঞ্চলের আকাশে বড় আকারের ধোঁয়ার স্তম্ভ দেখা যায়।
অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের আল কুজ শিল্প এলাকায় আগুনের কুণ্ডলী দেখা যায়। ঘটনাটি দেখতে আশপাশের এলাকায় মানুষের ভিড়ও জমে।
এদিকে দুবাই সরকারের গণমাধ্যম দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, আকাশে একটি লক্ষ্যবস্তু প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষ শহরের একটি ভবনের সামনে পড়ে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
কর্তৃপক্ষের দাবি, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের পর সৃষ্ট অগ্নিকাণ্ড থেকে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং তা শহরের উপকূলীয় অঞ্চলে অবস্থিত বুর্জ আল আরব হোটেল এলাকাতেও দেখা যায়।
আপনার মতামত লিখুন :