‘৯/১১-এর মতো হামলার মাধ্যমে ইরানকে দায়ী করার ষড়যন্ত্র হতে পারে’: এপস্টেইন চক্র


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলী লারিজানি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার মতো একটি বড় ঘটনা ঘটিয়ে তার দায় ইরানের ওপর চাপানোর পরিকল্পনা করা হতে পারে।

তার দাবি, কুখ্যাত মার্কিন অর্থলগ্নিকারী ও যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট একটি গোষ্ঠী এমন ষড়যন্ত্রে জড়িত থাকতে পারে।

সাম্প্রতিক এক বক্তব্যে লারিজানি বলেন, এপস্টেইনের অনুসারীদের একটি অংশ নতুন করে ষড়যন্ত্রের পরিকল্পনা করছে। তার ভাষ্য অনুযায়ী, “আমি শুনেছি, এপস্টেইন গ্যাংয়ের অবশিষ্ট সদস্যরা ৯/১১–এর মতো একটি ঘটনা ঘটিয়ে তার দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করতে পারে।”

তিনি বলেন, ইরান নীতিগতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরোধী এবং যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের সঙ্গে তাদের কোনো সংঘাত নেই।

ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে সম্প্রতি প্রকাশিত কিছু গোপন নথির কথাও উল্লেখ করেন লারিজানি। তার দাবি, এসব নথিতে জেফরি এপস্টেইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের সম্পর্কের নানা তথ্য উঠে এসেছে।

জেফরি এপস্টেইন দীর্ঘদিন ধরে অপ্রাপ্তবয়স্ক তরুণী ও কিশোরীদের যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ছিলেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে তাকে “বিকৃত মানুষ” বলে উল্লেখ করেছিলেন, যদিও অতীতে তাদের একসঙ্গে তোলা বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে।

তেহরান এখন আন্তর্জাতিক পরিসরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, ব্যবসায়িক ও সামাজিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে এপস্টেইনের সম্পর্কের বিষয়টি তুলে ধরার চেষ্টা করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র: আল জাজিরা।