রাষ্ট্রমালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ আইয়ুব মিয়া। সোমবার তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে আইয়ুব মিয়া ব্যক্তিগত কারণ উল্লেখ করে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান। তিনি গত বছরের ৭ ডিসেম্বর নবগঠিত এই ব্যাংকের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। আইয়ুব মিয়া সরকারের সাবেক সচিব।
তারল্য সংকটে থাকা পাঁচটি ইসলামী ধারার ব্যাংক—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক—একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। ব্যাংকটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা।
পরিশোধিত মূলধনের মধ্যে সরকার সরাসরি ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ার অংশীদারত্ব থেকে আসার কথা রয়েছে।
এর আগে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নাবিল মুস্তাফিজুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেননি।
বর্তমানে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আপনার মতামত লিখুন :