স্কুলে ভর্তি: লটারি পদ্ধতি বাতিল, ফিরছে ভর্তি পরীক্ষা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৬, ৫:৪১ অপরাহ্ন

দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পরিবর্তে শিক্ষার্থীদের ভর্তি করা হবে পরীক্ষার ভিত্তিতে।

সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের যোগ্যতা মূল্যায়নের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া পরিচালনা করতে সরকার নতুন করে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বৃত্তি পরীক্ষাও আগের নিয়মে পুনরায় চালু করা হবে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে তিনি দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের ঘোষণাও দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তার স্থলাভিষিক্ত হয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নেবেন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান।

এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রো-ভিসি অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর উপাচার্য হিসেবে দায়িত্ব পাচ্ছেন অধ্যাপক ড. মো. মাসউদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. ফোরকান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।

এদিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদকে নতুন চেয়ারম্যান করা হয়েছে।

অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক রইস উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।