ইরান শক্ত প্রতিপক্ষ, তবু আলোচনায় আগ্রহী : ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান উত্তেজনার মধ্যেও ইরান আলোচনায় আগ্রহ দেখাচ্ছে। তবে তার মতে, সমঝোতায় পৌঁছাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার মতো প্রস্তুতি এখনো তেহরানের নেই। একই সঙ্গে তিনি ইরানকে “শক্ত প্রতিপক্ষ” হিসেবেও বর্ণনা করেন।

স্থানীয় সময় রোববার ফ্লোরিডা থেকে ওয়াশিংটনের উদ্দেশে যাত্রাপথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব মন্তব্য করেন। ইরান-সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, তেহরান আলোচনার মাধ্যমে পরিস্থিতি সমাধানের চেষ্টা করছে বলে তার ধারণা।

ট্রাম্পের ভাষায়, “তারা আলোচনা করতে চায়, এতে সন্দেহ নেই। কিন্তু সমঝোতার জন্য যা করা প্রয়োজন, তা করতে তারা এখনো প্রস্তুত নয়। আমার বিশ্বাস, একসময় তারা সেই পর্যায়ে পৌঁছাবে।”

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের ড্রোন উৎপাদন-সংক্রান্ত কিছু স্থাপনায় হামলা চালিয়েছে। একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, “ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই দুর্বল হয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনের ক্ষেত্রেও তাদের সক্ষমতা কমে এসেছে।”

মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, প্রয়োজনে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপেও হামলা চালানো হতে পারে।

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়েও তিনি কথা বলেন। ট্রাম্প জানান, এ বিষয়ে ন্যাটো মিত্রদের সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রণালীতে চলাচলকারী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

তার মতে, উপসাগরীয় তেলের ওপর নির্ভরশীল দেশগুলোরই এই জলপথ সুরক্ষায় এগিয়ে আসা উচিত। তিনি বলেন, “অনেক দেশ এখান থেকে জ্বালানি সংগ্রহ করে। তাই নিজেদের স্বার্থে তাদেরই এগিয়ে আসা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের সেখানে স্থায়ীভাবে উপস্থিত থাকার প্রয়োজন নাও হতে পারে, কারণ আমরা নিজেরাই বিপুল তেল উৎপাদন করি।”

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরান যুদ্ধ নিয়ে প্রতিবেদন প্রকাশের কারণে মার্কিন কিছু সংবাদমাধ্যমের সমালোচনা করেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, এসব গণমাধ্যম “ভুল তথ্য” প্রচার করছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।