দেশের টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ অভিনেতা শামস সুমন মারা গেছেন। মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। সেখানেই তার মৃত্যু ঘটে।
নব্বইয়ের দশকের শেষভাগে টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়জগতে আত্মপ্রকাশ করেন শামস সুমন। পরবর্তী দুই দশকেরও বেশি সময় ধরে তিনি অসংখ্য নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পান। সংযত অভিনয় ও স্বতন্ত্র কণ্ঠস্বর তার কাজকে আলাদা মাত্রা দিয়েছিল।
চলচ্চিত্রেও তিনি কাজ করেছেন। ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার সম্মাননা লাভ করেন। পরে ২০১৩ সালে নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘আয়না কাহিনী’ চলচ্চিত্রে অভিনয় করেন।
তার মৃত্যুর খবরে সাংস্কৃতিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে। সহকর্মী শিল্পী, নির্মাতা ও সংশ্লিষ্টরা তাকে স্মরণ করে শোক প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :