পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্নের নির্দেশ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন /
পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্নের নির্দেশ

বাংলাদেশের ব্যাংক খাতে চলমান সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে শরিয়াহভিত্তিক পাঁচটি দুর্বল ব্যাংকের একীভূতকরণ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। সোমবার সংশ্লিষ্ট ব্যাংকগুলোর প্রশাসকদের সঙ্গে এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

বৈঠকে গভর্নর বলেন, তথ্যপ্রযুক্তি কাঠামো একীভূত করা এই প্রক্রিয়ার মূল চ্যালেঞ্জ হলেও তা দ্রুত সমাধান করতে হবে। পাঁচটি ব্যাংকের আইটি ব্যবস্থাপনা অভিন্ন প্ল্যাটফর্মে এনে অন্যান্য কার্যক্রমও সমন্বয়ের মাধ্যমে একটি সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের কাজ দ্রুত এগিয়ে নিতে তিনি তাগিদ দেন।

কর্মকর্তারা বৈঠকে জানান, বিভিন্ন ব্যাংকে ভিন্ন প্রযুক্তি ব্যবহারের কারণে তথ্য একত্রিত করতে সময় লাগছে। পাশাপাশি একীভূতকরণ প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তার গুজবও কার্যক্রমে প্রভাব ফেলছে।

এর জবাবে গভর্নর স্পষ্ট করে বলেন, এই উদ্যোগ থেকে সরে আসার কোনো সুযোগ নেই। সরকার ইতোমধ্যে নতুন ব্যাংকের জন্য ২০ হাজার কোটি টাকার মূলধন জোগান দিয়েছে এবং আমানত বিমা তহবিল থেকেও গ্রাহকদের সহায়তায় ১২ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। ফলে বিলম্ব না করে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার ওপর তিনি জোর দেন।

অন্তর্বর্তী সরকারের সময়ে এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন—এই পাঁচ ব্যাংককে একীভূত করে একটি সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়।

এদিকে, এই নতুন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। সোমবার তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন। গত বছরের ৭ ডিসেম্বর তিনি ব্যাংকটির প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন।