আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি হাসপাতাল লক্ষ্য করে বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান। স্থানীয় সূত্রগুলো জানায়, এ ঘটনায় আরও প্রায় ২৫০ জন আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
তালেবানের এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় জানান, সোমবার রাত প্রায় ৯টার দিকে কাবুলের একটি বড় চিকিৎসা প্রতিষ্ঠানে এ হামলা চালানো হয়। তাঁর দাবি, পাকিস্তানের সামরিক বাহিনী এই হামলার সঙ্গে জড়িত।
হামলার লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে ‘ওমিদ’ নামের একটি আসক্তি নিরাময় হাসপাতাল, যেখানে প্রায় দুই হাজার শয্যার ব্যবস্থা ছিল। মাদকাসক্তদের চিকিৎসার জন্য পরিচালিত এই প্রতিষ্ঠানটির বড় অংশ হামলায় ধ্বংস হয়ে গেছে বলে জানানো হয়েছে।
তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
এ ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হামলার দায়, প্রকৃত হতাহতের সংখ্যা এবং ঘটনাপ্রবাহ নিয়ে স্বাধীনভাবে যাচাই করা এখনো সম্ভব হয়নি।
আন্তর্জাতিক মহলে এ ঘটনায় উদ্বেগ বাড়ছে, বিশেষ করে বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ নতুন করে মানবিক সংকটের আশঙ্কা জাগিয়েছে।
আপনার মতামত লিখুন :