দৌলতদিয়া বাসডুবি: নিহতদের পরিবারকে ২৫ হাজার, আহতদের ১৫ হাজার টাকা সহায়তা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৬, ৮:২৫ অপরাহ্ন

রাজবাড়ীর দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেছে সরকার। নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার এবং আহতদের ১৫ হাজার টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান

বুধবার গভীর রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকে বলেন, উদ্ধার অভিযান অব্যাহত থাকবে এবং নদীর বিস্তীর্ণ এলাকায় অনুসন্ধান কার্যক্রম চালানো হচ্ছে। এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ প্রচেষ্টার পর ডুবে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। তবে বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি। এ পর্যন্ত উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা ১৬, যাদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছেন।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজে নামে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন ইউনিটের সদস্যরা সমন্বিতভাবে অভিযান পরিচালনা করছেন এবং নদীর তলদেশে অনুসন্ধান চালানো হচ্ছে।

এর আগে বিকেলে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, অল্প সময়ের মধ্যেই বাসটি পানির নিচে তলিয়ে যায়, ফলে হতাহতের সংখ্যা দ্রুত বাড়ে।

প্রশাসন বলছে, নিখোঁজদের সন্ধান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।