সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, এই হামলায় অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রিয়াদের দক্ষিণে অবস্থিত প্রিন্স সুলতান এয়ার বেইস লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলায় ঘাঁটির কিছু রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ এখনও প্রকাশ করা হয়নি।
হোয়াইট হাউসের তথ্যমতে, সৌদি আরবে বর্তমানে দুই হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তারা মূলত আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা পরিচালনায় সৌদি বাহিনীকে সহায়তা করে থাকে। প্রিন্স সুলতান ঘাঁটিতে প্যাট্রিয়ট ও থাডের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা আছে।
বিশ্লেষকদের মতে, ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়নকে কেন্দ্র করে দীর্ঘদিনের উত্তেজনা সাম্প্রতিক সময়ে নতুন মাত্রা পেয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে সংঘাত ক্রমেই বিস্তৃত হচ্ছে।
এই প্রেক্ষাপটে ইরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। এর আগেও একই ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছিল, যাতে কয়েকজন সেনা আহত হন; পরবর্তীতে তাদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মার্কিন সামরিক কমান্ডের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত তিন শতাধিক মার্কিন সেনা বিভিন্ন হামলায় আহত হয়েছেন। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে, এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।
আপনার মতামত লিখুন :