মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর নতুন ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করেছে ইরান, যা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনে নতুন উদ্বেগ তৈরি করেছে।
সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে দেখা যাচ্ছে, এই প্রণালিতে এখন এক ধরনের অনানুষ্ঠানিক ‘টোল বুথ’ ব্যবস্থা চালু হয়েছে।
শিপিংবিষয়ক বিশেষায়িত পোর্টাল লয়েডস লিস্ট জানিয়েছে, মার্চের মাঝামাঝি সময় থেকে প্রণালিটি অতিক্রম করা একাধিক জাহাজকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নির্ধারিত রুট এবং কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এতে জাহাজ চলাচলে আগের তুলনায় বাড়তি নিয়ন্ত্রণ আরোপ হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সব জাহাজের ক্ষেত্রে সরাসরি অর্থ আদায়ের প্রমাণ না মিললেও অন্তত কয়েকটি ঘটনায় নির্দিষ্ট ফি নেওয়ার তথ্য পাওয়া গেছে। উল্লেখযোগ্যভাবে, এই লেনদেন মার্কিন ডলারের পরিবর্তে চীনা মুদ্রা ইউয়ানে সম্পন্ন হয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্যে মুদ্রা ব্যবস্থার পরিবর্তনের ইঙ্গিত বহন করে।
এর আগে ইরান ঘোষণা দিয়েছিল যে, ‘শত্রুভাবাপন্ন’ দেশগুলো ছাড়া অন্যান্য রাষ্ট্রের জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে। তবে নতুন এই নিয়ন্ত্রণ কাঠামো কার্যত জলপথটির ওপর তেহরানের প্রভাব আরও সুদৃঢ় করেছে বলে বিশ্লেষকদের ধারণা।
বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানকার যেকোনো পরিবর্তন বৈশ্বিক বাজারে সরাসরি প্রভাব ফেলে। বর্তমান পরিস্থিতিতে কঠোর নজরদারি, সম্ভাব্য টোল ব্যবস্থা এবং বিকল্প মুদ্রায় লেনদেন—সব মিলিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় অনিশ্চয়তার নতুন মাত্রা যোগ করেছে।
আপনার মতামত লিখুন :