৫০ অঙ্গরাজ্যে তিন হাজারের বেশি কর্মসূচি, অংশ নিতে পারেন প্রায় ৯০ লাখ মানুষ


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে নজিরবিহীন বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। ‘নো কিংস’ শিরোনামের এই কর্মসূচিকে দেশটির সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বৃহৎ প্রতিবাদ হিসেবে দেখছেন আয়োজকরা।

শনিবার অনুষ্ঠিতব্য এই বিক্ষোভকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আয়োজকদের দাবি, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে তিন হাজারেরও বেশি বিক্ষোভ কর্মসূচির নিবন্ধন সম্পন্ন হয়েছে। এতে প্রায় ৯০ লাখ মানুষ অংশ নিতে পারেন বলে তারা আশা করছেন।

এই জাতীয় কর্মসূচির কেন্দ্রবিন্দু হিসেবে নির্ধারণ করা হয়েছে মিনেসোটা অঙ্গরাজ্যকে। সেন্ট পলের মিনেসোটা ক্যাপিটলে প্রধান সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাম্প্রতিক সহিংস ঘটনার প্রেক্ষাপটে অঙ্গরাজ্যটি প্রতিবাদের মূল কেন্দ্র হিসেবে উঠে এসেছে বলে জানিয়েছেন আয়োজকরা।

বিক্ষোভের অংশ হিসেবে সাংস্কৃতিক আয়োজনও রাখা হয়েছে। খ্যাতিমান সংগীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিন অনুষ্ঠানে অংশ নিয়ে গান পরিবেশন করবেন। তিনি ‘স্ট্রিটস অব মিনিয়াপোলিস’ শিরোনামের গানটি পরিবেশন করবেন, যা সাম্প্রতিক ঘটনাগুলোর প্রতি শ্রদ্ধা জানিয়ে রচিত।

এছাড়া স্প্রিংস্টিনের ‘ল্যান্ড অফ হোপ অ্যান্ড ড্রিমস’ আমেরিকান ট্যুরের অংশ হিসেবেও এই আয়োজন গুরুত্ব পাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ‘নো কিংস’ আন্দোলনকে কেন্দ্র করে শুরু হওয়া এই প্রতিবাদ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে পারে।