বিশ্বকাপে জায়গা করে নেওয়ার আরেকটি সুযোগ হাতছাড়া হওয়ার পর গভীর হতাশা ও আবেগের মধ্যে দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইতালির প্রধান কোচ জেন্নারো গাত্তুসো।
বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে প্লে-অফ ফাইনালে টাইব্রেকারে পরাজয়ের পর তিনি দলের পক্ষ থেকে সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
ম্যাচ শেষে ইতালিয়ান সম্প্রচারমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে গাত্তুসো বলেন, এই পরাজয় তার দলের প্রাপ্য ছিল না। ১০ জনের দলে পরিণত হওয়ার পরও খেলোয়াড়রা লড়াই চালিয়ে গেছে এবং একাধিক সুযোগ তৈরি করেছিল। তবু ভাগ্য শেষ পর্যন্ত তাদের পক্ষে ছিল না।
খেলার শুরুতে ইতালি এগিয়ে থাকলেও প্রথমার্ধের শেষদিকে একজন খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের গতিপথ বদলে যায়। সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে বসনিয়া চাপ বাড়ায় এবং শেষ পর্যন্ত সমতা ফিরিয়ে ম্যাচকে টাইব্রেকারে নিয়ে যায়। সেখানেই ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
এই পরাজয়ের মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিতে ব্যর্থ হলো চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি—যা দেশটির ফুটবল ইতিহাসে এক গভীর সংকটের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
গাত্তুসো বলেন, “এটা অত্যন্ত বেদনাদায়ক। শুধু আমাদের জন্য নয়, পুরো ইতালির জন্যই বিশ্বকাপে ফেরা গুরুত্বপূর্ণ ছিল।” তিনি আরও যোগ করেন, খেলোয়াড়দের প্রচেষ্টায় তিনি গর্বিত, যদিও ফলাফল হতাশাজনক।
রেফারিং নিয়ে বিতর্ক থাকলেও সে বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন ইতালির কোচ। তার ভাষায়, ম্যাচের ফলাফলই এখন প্রধান বাস্তবতা।
নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে গাত্তুসো কোনো মন্তব্য করতে চাননি। তার মতে, ব্যক্তিগত অবস্থানের চেয়ে দলের ব্যর্থতা এবং বিশ্বকাপে না ওঠার বাস্তবতাই এখন বেশি গুরুত্বপূর্ণ।
আপনার মতামত লিখুন :