তাপমাত্রার আকস্মিক ঊর্ধ্বগতিতে চুয়াডাঙ্গার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চলতি মৌসুমে প্রথমবারের মতো তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যার ফলে জেলায় মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টায় রেকর্ড করা এই তাপমাত্রার সঙ্গে বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ, যা গরমের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। আগের দিন একই সময়ে তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও যানবাহন চালকরা। জ্বালানি সংগ্রহে বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, যা দুর্ভোগ আরও বাড়িয়েছে।
চরম তাপদাহের প্রভাবে শহরের কিছু সড়কে পিচ নরম হয়ে গলে যাওয়ার ঘটনাও দেখা গেছে, যা চলাচলে নতুন করে ঝুঁকি তৈরি করেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘক্ষণ রোদে অবস্থান করায় শারীরিক অসুস্থতা বাড়ছে এবং কর্মক্ষমতা কমে যাচ্ছে। বিশেষ করে দিনমজুররা তীব্র গরমের মধ্যেও জীবিকার তাগিদে কাজ চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, বর্তমান তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে, ফলে জনজীবনে ভোগান্তি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
আপনার মতামত লিখুন :